টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরের বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সমন্বিত আভিযানিক দল অংশ নেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী ও মানবপাচারকারী চক্রের সদস্যদের মধ্যে সংঘটিত গুলিবিনিময়ের ঘটনায় জড়িত ডাকাত, মাদক কারবারি ও মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতারের উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড অ্যামুনিশন এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। অভিযানে সংশ্লিষ্ট অপরাধী চক্রের সদস্যদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র ডাকাত ও মানবপাচারকারী চক্রের অপতৎপরতা দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টেকনাফ সীমান্ত ও উপকূলীয় এলাকায় ডাকাতি, মাদক কারবার এবং মানবপাচারের মতো অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করা গেলে স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।