মুহাম্মদ শহিদুল ইসলাম, পরিচালক, ইপসা
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত হলো অভিবাসন। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ঘামে অর্জিত অর্থ আমাদের অর্থনীতিকে সচল রাখছে। তাই অভিবাসন খাতটিকে আমরা যত বেশি স্বচ্ছ, জনবান্ধব ও সহজ করতে পারব, দেশ তত বেশি উপকৃত হবে। এই লক্ষ্য অর্জনে নিরাপদ অভিবাসনের কোনো বিকল্প নেই।
উন্নয়ন সংস্থা ইপসা ১৯৮৫ সাল থেকে বৃহত্তর চট্টগ্রামে এবং ২০০১ সাল থেকে কক্সবাজারে তৃণমূল পর্যায়ে কাজ করে আসছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং অভিবাসীদের আইনি সুরক্ষায় আমরা দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা এবং জাতিসংঘের সহযোগিতায় কাজ করছি। বর্তমানে কক্সবাজারের ১০টি উপজেলা, ৫টি পৌরসভা এবং ৭৪টি ইউনিয়নের প্রায় ৬৭৮টি ওয়ার্ডেই ইপসা'র কার্যক্রম রয়েছে। আমরা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সচেতনতা নিয়ে কাজ করে যাচ্ছি।
অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে এই বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন। সাধারণ মানুষ এবং বিদেশ গমনেচ্ছু কর্মীরা যত বেশি তাদের আইনি অধিকার সম্পর্কে জানবেন, তত বেশি তারা দালালদের প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। এই সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতেও আমরা দেখেছি, গণমাধ্যমের সঠিক প্রচারণার ফলে অভিবাসন সংক্রান্ত অনেক সমস্যার দ্রুত সমাধান হয়েছে।