উখিয়ার 'ক্রাইম জোন' পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে বিবদমান দুই গ্রুপের প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় পুলিশ, এসআরবি ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে অস্ত্র গোলাবারুদ সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন এক যুবক। তার পাশে কিরিচ হাতে আরও দুজনকে মহড়া দিতে দেখা যায়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পর সেই রাতেই অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি সাখাওয়াত হোসেন মুন্নাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি অস্ত্র, ৪১ রাউন্ড গুলি ও একটি বন্দুকের ব্যারেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার বিকেলে মাদকব্যবসার নিয়ন্ত্রণ ও বটতলী এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে অস্ত্রধারী সাখাওয়াত হোসেন মুন্নাকে শনাক্ত করা হয়। পরে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে মুন্না ও তার তিন সহযোগী মিজানুর, আরফাত হোসেন ও আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।
ওসি আতিকুর রহমান বলেন, ‘ভিডিও দেখে অস্ত্রধারী মুন্নাকে শনাক্ত করা হয়। পরে বিজিবি ও এসআরবির সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে তিন সহযোগীসহ আটক করা হয়েছে। অভিযানে ঘটনায় ব্যবহৃত দুটি অস্ত্র, ৪১ রাউন্ড গুলি ও একটি বন্দুকের ব্যারেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।’
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাগুলির সময় কথিত জয়নাল বাহিনীর সদস্য মুন্নাকে বন্দুক উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছুড়তে দেখা যায়। হঠাৎ গুলির শব্দে বটতলী বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের দাবি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এবং আসন্ন ইউপি সদস্য নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীনের ভাগনে মুন্না পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি ছুঁড়েন।
স্থানীয় সূত্র জানায়, জয়নাল আবেদীন ও আবুল ফয়েজ দু’জনই পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
আবুল ফয়েজ সাংবাদিকদের বলেন, ‘আমার জনপ্রিয়তা এবং ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।’
ঘটনার পর ফেসবুক লাইভে এসে জয়নাল আবেদীন দাবি করেন, ষড়যন্ত্রমূলকভাবে তার নাম এ ঘটনায় জড়ানো হচ্ছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না বলেও দাবি করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২১ সালের নভেম্বরে সাড়ে তিন লাখ ইয়াবাসহ সাখাওয়াত হোসেন মুন্না র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে মাদক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
ওসি আতিকুর রহমান জানান, গোলাগুলির ঘটনায় অস্ত্র আইনে এবং দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।