টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলমকে প্রধান আসামি করে ১২২ জনের নাম উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর (৪০) ধারালো অস্ত্রের আঘাতে মাথা ও হাতে গুরুতর আহত হন। এ সময় বিজিবির এক সদস্যও আহত হন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে আটকের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।
খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মিছিলে বাধা দেন। এ সময় মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে ধারালো দা দিয়ে এসআই জাফরের মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অহিদুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে মাথায় গুরুতর জখম নিয়ে এক পুলিশ সদস্য হাসপাতালে আসেন। তাঁর মাথার ক্ষত এতটাই গভীর ছিল যে স্থানীয়ভাবে সেলাই করা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মিছিলে বাধা দিলে বিক্ষোভকারীরা অতর্কিত হামলা চালান। তাঁরা পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং ধারালো অস্ত্র দিয়ে পুলিশের এক কর্মকর্তাকে গুরুতর আহত করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় যুবলীগের উপজেলা সভাপতি নুরুল আলমকে প্রধান আসামি করে ১২২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।