পেশাগত কর্মদক্ষতা, সাহসিকতা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ 'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা' লাভ করেছেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সন্তান ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা-দক্ষিণ বিভাগে কর্মরত অভিজ্ঞ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ বাবুল আজাদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এই রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ২০২৫ সালে অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উন্মোচন ও প্রশংসনীয় সেবামূলক কাজের জন্য সারাদেশের মোট ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে এই পদক দেওয়া হচ্ছে। এর মধ্যে 'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা' ক্যাটাগরির ৩১ নম্বর ক্রমিকে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন কক্সবাজারের এই সন্তান।
পুলিশে যোগদানের পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং এলাকায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন মোঃ বাবুল আজাদ। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি সিএমপির পাহাড়তলী, ডবলমুরিং এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনের পূর্বে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
থানা পর্যায়ে দায়িত্ব পালনকালে অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি অনন্য ভূমিকা রাখেন। বর্তমানে তিনি সিএমপির অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত থেকে পেশাদারিত্বের স্বাক্ষর রেখে চলছেন।
সহকর্মীদের মতে, মাঠপর্যায়ে জটিল ও সংকটময় পরিস্থিতি মোকাবিলায় মোঃ বাবুল আজাদ সবসময় সাহসিকতা ও সতর্কতার পরিচয় দেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও দায়িত্বকে প্রাধান্য দেওয়ার এ স্বীকৃতি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উখিয়ার এই সন্তান মর্যাদাপূর্ণ পদকে মনোনীত হওয়ায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ অনুভূতি বিরাজ করছে।
এদিকে পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় রাজারবাগ অডিটোরিয়ামে পদক বিতরণ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের সম্মাননা তুলে দেবেন।