কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্য তেলসহ নির্মাণ সামগ্রী পাচার রোধে কার্যকারি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মুহাম্মদ জিয়াউদ্দিন।
তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এই নির্দেশনা দেন।
এসময় তিনি বলেন, সমন্বিত মনিটরিংয়ের মাধ্যমে সার সংকট মোকাবেলা করতে হবে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এইসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সরকারি কর্মকর্তাদের আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো: শামীম আল ইমরানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিভাগীয় কমিশনার স্থানীয় ভূমি অফিস ও রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।