চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হকের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
১২ নভেম্বর চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের জন্য আবেদন করা হয়।
বুধবার রাত সাড়ে আটটার দিকে পৌরশহরের চিরিঙ্গা এলাকা থেকে তাকে আটক করে চকরিয়া থানা পুলিশ।
জানা যায়, কাউন্সিলর মুজিব চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। মুজিবুল হক গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিতে যোগদান করেন। গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি।
কাউন্সিলর মুজিবুল হকের আইনজীবী ফয়জুল কবির জানান- কাউন্সিলর মুজিবুল হককে বুধবার রাত সাড়ে আটটার দিকে পৌরশহরের বায়তুশ শরফ সড়ক থেকে আটক করে। তার বিরুদ্ধে চারটি মামলা দেখানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য করা হয়। পরে আদালত জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করে।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুজিবুল হককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। বৃহস্পতিবার কাউন্সিলর মুজিবকে আদালতে হাজির করা হয়। তাকে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে।