কক্সবাজারের মেধাবী শিক্ষার্থী অংকুর দাশের আত্মার সদগতি কামনায় গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দিরের শ্রী বিভূতি ভূষণ সেন মিলনায়তনে অংকুর দাশ স্মৃতি সংসদের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই দিন বিকেলে অংকুর দাশ স্মৃতি সংসদের আহবায়ক নারায়ন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বদর মোকাম সমাজ কমিটির সভাপতি আদনান সাউদ। উদ্বোধক ছিলেন-কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যক্ষ অজিত দাশ। সম্মাণিত অতিথি ছিলেন- রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বপন দাশ, কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, বাগীশিক কক্সবাজার জেলা সংসদের উপদেষ্টা জগদিশ শর্মা, গীতাপ্রাণ কাজল কান্তি পাল। গীতা শিক্ষক মৃদুল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-অংকুর দাশের পিতা সাংবাদিক বলরাম দাশ অনুপম।
অনুষ্ঠানে বক্তারা বলেন- অংকুর দাশ তাঁর মেধা, বিনয় ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অল্প বয়সেই গীতা পাঠ প্রতিযোগিতা, পড়াশোনা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাফল্য সত্যিই প্রশংসনীয় ছিল। তাঁর এই অকাল প্রয়াণ অপূরণীয় ক্ষতি হলেও, তাঁর আদর্শ, মেধা ও সুন্দর স্মৃতি আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য সবসময় অনুপ্রেরণা ও অনুকরণীয় হয়ে থাকবে।