আবু মোরশেদ চৌধুরী
১৯ নভেম্বর ২০২৬ রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘদিনের ন্যায়বিচারের সংগ্রামে একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) দেওয়া রায় শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় জবাবদিহির ইতিহাসেও এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত ৯-৬ সংখ্যাগরিষ্ঠ ভোটে রায় দিয়েছেন যে, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের সময় মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। আদালত গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক ১৯৪৮ সালের আন্তর্জাতিক কনভেনশনের অধীনে মিয়ানমারের রাষ্ট্রীয় দায়বদ্ধতা প্রতিষ্ঠা করেছেন। আদালতের এই রায় চূড়ান্ত ও সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
এই রায়ের তাৎপর্য কেবল মিয়ানমারের আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি রোহিঙ্গাদের দীর্ঘদিনের নির্যাতন, নিপীড়ন ও বাস্তুচ্যুতির বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের অধীনে রাষ্ট্রীয় দায়বদ্ধতা প্রতিষ্ঠা করেছে এবং ন্যায়বিচার, জবাবদিহি ও ক্ষতিপূরণের পথকে আরও সুস্পষ্ট করেছে।
তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই ঐতিহাসিক আইনি স্বীকৃতি কি শেষ পর্যন্ত রোহিঙ্গাদের নাগরিকত্ব, মৌলিক অধিকার এবং নিজ মাতৃভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফিরে যাওয়ার পথ নিশ্চিত করতে পারবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রকৃত সাফল্য।
রায় বাস্তবায়নের দায়িত্ব কার?
আন্তর্জাতিক বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক প্রতিষ্ঠান। তবে আদালতের নিজস্ব কোনো পুলিশ বা সামরিক বাহিনী নেই, যার মাধ্যমে সরাসরি রায় বাস্তবায়ন করা যায়। রায় আইনগতভাবে বাধ্যতামূলক হলেও এর কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, আন্তর্জাতিক সহযোগিতা এবং ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগ।
এ ক্ষেত্রে তিনটি পক্ষের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
১)জাতিসংঘ: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ ও মহাসচিবকে নিজ নিজ এখতিয়ার ও দায়িত্ব অনুযায়ী মিয়ানমারের ওপর কার্যকর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। জাতিসংঘ সনদের ৯৪(২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাষ্ট্র আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে অপর পক্ষ নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হতে পারে। নিরাপত্তা পরিষদ প্রয়োজনীয় সুপারিশ বা ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করতে পারে।
২)আসিয়ান ও আঞ্চলিক দেশসমূহ: আসিয়ানভুক্ত দেশগুলো, বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পাশাপাশি বাংলাদেশ এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রকে সমন্বিত আঞ্চলিক উদ্যোগ নিতে হবে। মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি এবং রাখাইন রাজ্যের চলমান সংঘাতের সমাধান ছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।
৩)গাম্বিয়া ও আন্তর্জাতিক অংশীদাররা: গাম্বিয়াকে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এবং রায় বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে যেসব দেশ এই মামলায় হস্তক্ষেপ করেছে বা সমর্থন দিয়েছে, তাদের কূটনৈতিক, অর্থনৈতিক ও আইনি প্রভাব কাজে লাগিয়ে মিয়ানমারকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে উৎসাহিত করতে হবে।
এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব শুধু সংহতি প্রকাশ করা নয়; বরং সেই সংহতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তর করা।
রায়ের পর রোহিঙ্গাদের করণীয়:
ছয়টি কৌশলগত অগ্রাধিকার।আমার বিবেচনায়, রোহিঙ্গা নেতৃত্বের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আন্তর্জাতিক আইনে স্বীকৃতি অর্জনের দীর্ঘ সংগ্রাম থেকে এখন তাদের এগিয়ে যেতে হবে অধিকার পুনরুদ্ধারের একটি সুসংগঠিত ও সমন্বিত রাজনৈতিক কৌশলের দিকে।এ ক্ষেত্রে ছয়টি অগ্রাধিকার বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন।
প্রথম অগ্রাধিকার: রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান তৈরি,শরণার্থী শিবির, প্রবাসী রোহিঙ্গা সমাজ, নাগরিক সংগঠন এবং কমিউনিটি প্রতিনিধিদের সমন্বয়ে একটি অভিন্ন অধিকার সনদ তৈরি করা জরুরি।এই সনদে থাকতে হবে: রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগত পরিচয়ের স্বীকৃতি। মিয়ানমারের নাগরিকত্ব ও সমান জাতীয় অধিকার পুনঃপ্রতিষ্ঠা। রাখাইনসহ মিয়ানমারের সর্বত্র অবাধ চলাচলের অধিকার। পূর্বপুরুষের ভিটেমাটি, জমি ও সম্পত্তির অধিকার পুনরুদ্ধার। নিরাপত্তা এবং বৈষম্য ও নির্যাতন থেকে সুরক্ষা। রাজনৈতিক অংশগ্রহণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধায় সমান অধিকার। একটি অভিন্ন রাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গাদের দাবি ও দর-কষাকষির সক্ষমতা বাড়াবে।
দ্বিতীয় অগ্রাধিকার: রোহিঙ্গা নেতৃত্বাধীন আন্তর্জাতিক অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম গঠন রোহিঙ্গাদের নিজস্ব নেতৃত্বে একটি সমন্বিত আন্তর্জাতিক অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম গড়ে তোলা প্রয়োজন। এর মাধ্যমে জাতিসংঘ, মানবাধিকার পরিষদ, আসিয়ান, ইসলামী সহযোগিতা সংস্থা (OIC), ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি সংস্থাগুলোর সঙ্গে সরাসরি ও নিয়মিত যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে। এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হবে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের আলোকে একটি বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা তৈরি করা। সেখানে সুস্পষ্ট দাবি, সময়সীমা, দায়িত্ব বণ্টন এবং স্বাধীন পর্যবেক্ষণব্যবস্থা থাকতে হবে।
তৃতীয় অগ্রাধিকার: অধিকারভিত্তিক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রস্তুতি প্রত্যাবাসন মানে শুধু সীমান্ত পার করে শরণার্থীদের মিয়ানমারে পাঠিয়ে দেওয়া নয়। প্রত্যাবাসন হতে হবে নিরাপত্তা, নাগরিকত্ব, স্বাধীনতা, মর্যাদা এবং মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে।যেকোনো প্রত্যাবাসনের আগে স্বাধীন ও নিরপেক্ষ যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করতে হবে,রাখাইন রাজ্যে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ।নাগরিকত্ব ও আইনগত পরিচয়ের নিশ্চয়তা।অবাধ চলাচলের অধিকার।নিজস্ব গ্রাম, বসতভিটা ও সম্পত্তি পুনরুদ্ধার। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকার সুযোগ। নির্বিচার আটক, নির্যাতন ও বৈষম্য থেকে সুরক্ষা।প্রত্যাবাসন-পরবর্তী স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রত্যাবাসন অবশ্যই স্বেচ্ছামূলক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ হতে হবে। বাংলাদেশের ওপর মানবিক ও অর্থনৈতিক চাপ কমানোর উদ্দেশ্যে কোনো রোহিঙ্গাকে জোরপূর্বক বা পরোক্ষভাবে ফেরত পাঠানোর পরিস্থিতি তৈরি করা যাবে না।
চতুর্থ অগ্রাধিকার: ব্যক্তিগত অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করা।আন্তর্জাতিক বিচার আদালতের মামলাটি রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায়বদ্ধতা নির্ধারণ করেছে। এটি কোনো নির্দিষ্ট সামরিক কর্মকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি বিচার নয়।তাই আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এবং এখতিয়ারসম্পন্ন অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক বিচারিক ব্যবস্থার মাধ্যমে গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রীয় দায়বদ্ধতার পাশাপাশি অপরাধ সংঘটনকারী ব্যক্তিদেরও বিচারের আওতায় আনা জরুরি।
পঞ্চম অগ্রাধিকার: ক্ষয়ক্ষতির তথ্য সংরক্ষণ ও সম্পত্তি পুনরুদ্ধার রোহিঙ্গাদের হারানো সম্পদ, জমিজমা, বসতভিটা এবং মানবিক ক্ষয়ক্ষতির একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরি করা প্রয়োজন।এতে অন্তর্ভুক্ত থাকবে: পূর্বের গ্রাম ও বসতভিটার পরিচিতি।জমির মালিকানা ও উত্তরাধিকারসংক্রান্ত দলিল।ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও কৃষিজমি।নিহত, নিখোঁজ ও বিচ্ছিন্ন পরিবারের সদস্যদের তথ্য। ব্যক্তিগত সম্পত্তি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি। জোরপূর্বক বাস্তুচ্যুতি, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ। ভবিষ্যতে ক্ষতিপূরণ, সম্পত্তি পুনরুদ্ধার ও পুনর্বাসনের দাবির ক্ষেত্রে এসব তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ষষ্ঠ অগ্রাধিকার: সব আলোচনায় রোহিঙ্গাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত তাদের কার্যকর অংশগ্রহণ ছাড়া নেওয়া উচিত নয়। নাগরিকত্ব, প্রত্যাবাসন, নিরাপত্তা, শাসনব্যবস্থা এবং রাখাইন রাজ্যের ভবিষ্যৎ নিয়ে প্রতিটি আলোচনায় রোহিঙ্গা প্রতিনিধিদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাখাইন রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে। আরাকান আর্মি বর্তমানে রাজ্যের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে। তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাতেও রোহিঙ্গাদের বিরুদ্ধে গুরুতর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।তাই প্রত্যাবাসন ও অধিকার পুনঃপ্রতিষ্ঠার যেকোনো কার্যকর কৌশলে যারা বাস্তবে অঞ্চলটির নিয়ন্ত্রণ করছে, তাদের সঙ্গে প্রয়োজনীয় সম্পৃক্ততা গড়ে তুলতে হবে। তবে একই সঙ্গে মিয়ানমারের আন্তর্জাতিক আইনগত বাধ্যবাধকতা এবং রোহিঙ্গাদের অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মিয়ানমারের রাজনৈতিক বাস্তবতা ঐতিহাসিক এই রায়ের পরও কয়েকটি বাস্তবতা উপেক্ষা করার সুযোগ নেই। প্রথমত, মিয়ানমারের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষ রায় বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে।দ্বিতীয়ত, মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির চলমান সংঘাত রাখাইন রাজ্যের নিরাপত্তা, প্রশাসন ও প্রত্যাবাসনের সম্ভাবনাকে আরও জটিল করে তুলছে।তৃতীয়ত, আন্তর্জাতিক রাজনৈতিক চাপ সব সময় দ্রুত ও কার্যকর পরিবর্তন আনতে সক্ষম হয় না। ফলে আশঙ্কা থেকে যায়, আন্তর্জাতিক আইনের ইতিহাসে এই রায় একটি বড় বিজয় হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের দৈনন্দিন জীবনে তাৎক্ষণিক কোনো ইতিবাচক পরিবর্তন নাও আসতে পারে। তবে একটি বিষয় নিশ্চিত, এই রায়ের পর আইনি ও কূটনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। মিয়ানমার আর গণহত্যার অভিযোগকে নিছক রাজনৈতিক বক্তব্য হিসেবে উড়িয়ে দিতে পারবে না। আন্তর্জাতিক বিচার আদালত আন্তর্জাতিক আইনের অধীনে রাষ্ট্রীয় দায়বদ্ধতা প্রতিষ্ঠা করেছেন। রোহিঙ্গারা কি শেষ পর্যন্ত নাগরিকত্ব ফিরে পাবে? রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো নাগরিকত্ব। আমার বিবেচনায়, আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়নের কেন্দ্রীয় বিষয় হতে হবে নাগরিকত্ব ও সমান অধিকার পুনঃপ্রতিষ্ঠা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় বুঝতে হবে। আদালতের রায় স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেক রোহিঙ্গাকে নাগরিকত্ব সনদ বা পাসপোর্ট প্রদান করে না। গণহত্যার দায়ে রাষ্ট্রকে দায়ী করার অর্থও এই নয় যে প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব তাৎক্ষণিকভাবে পুনর্বহাল হয়ে যাবে। কিন্তু টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে সেই কাঠামোগত বৈষম্যের অবসান ঘটাতে হবে, যার মাধ্যমে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
এ ক্ষেত্রে প্রয়োজন: রোহিঙ্গা পরিচয়ের স্বীকৃতি এবং সমান নাগরিকত্বের অধিকার। ১৯৮২ সালের নাগরিকত্ব আইনসহ বৈষম্যমূলক আইনি কাঠামোর সংস্কার। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সরকারি সেবায় সমান সুযোগ। নিজ নিজ আদি গ্রাম ও বসতিতে বসবাসের স্বাধীনতা।নির্বিচার আটক, নির্যাতন ও বৈষম্য থেকে সুরক্ষা।নাগরিকত্বের প্রশ্নের সমাধান ছাড়া প্রত্যাবাসন কার্যক্রম শুরু হলে ২০১৭ সালে যেসব বৈষম্য ও নিপীড়নের কারণে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, সেই পরিস্থিতিই আবার ফিরে আসতে পারে। নাগরিকত্ব ছাড়া প্রত্যাবাসন কোনো সমাধান নয়। অবাধ চলাচলের অধিকার ছাড়া প্রত্যাবাসন কোনো সমাধান নয়। নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার ছাড়া প্রত্যাবাসন কখনোই টেকসই হতে পারে না।
এখন বাংলাদেশের করণীয় কী? বাংলাদেশের সামনে এখন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ঐতিহাসিক কূটনৈতিক সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর, বিশেষ করে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ওপর, ব্যাপক মানবিক, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক সুযোগ তৈরি করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি সমন্বিত, অধিকারভিত্তিক ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আন্তর্জাতিক সমর্থন জোরদার করতে হবে। আমার প্রস্তাব, বাংলাদেশ এই রায়ের আলোকে একটি নতুন কূটনৈতিক ও মানবিক কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারে।প্রস্তাবিত উদ্যোগগুলো হতে পারে:
১)বাংলাদেশ-নেতৃত্বাধীন কূটনৈতিক উদ্যোগ: জাতিসংঘ, আসিয়ান, ওআইসি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলা।২)রোহিঙ্গা অধিকার সনদ: নাগরিকত্ব, অবাধ চলাচল, নিরাপত্তা, সম্পত্তি ও সমান অধিকার নিশ্চিত করার বিষয়ে একটি অভিন্ন অধিকার সনদ প্রণয়ন।৩)আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা: রাখাইন রাজ্যে নিরাপত্তা, মানবাধিকার ও প্রত্যাবাসনের পরিবেশ যাচাইয়ের জন্য স্বাধীন পর্যবেক্ষণব্যবস্থা গড়ে তোলা।
৪) ভূমি ও সম্পত্তি পুনরুদ্ধার: রোহিঙ্গাদের ঐতিহাসিক বসতভিটা ও সম্পত্তির মালিকানা যাচাই এবং পুনরুদ্ধারের কার্যকর ব্যবস্থা গ্রহণ। ৫)নাগরিকত্ব পুনঃপ্রতিষ্ঠার রোডম্যাপ: বৈষম্যমূলক আইন ও নীতির সংস্কারের মাধ্যমে সমান নাগরিকত্ব নিশ্চিত করার জন্য সময়সীমাভিত্তিক পরিকল্পনা প্রণয়ন।
৬)রোহিঙ্গাদের অংশগ্রহণ: রোহিঙ্গা প্রতিনিধি ও কমিউনিটি নেতৃত্বকে সব পর্যায়ের আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা।বাংলাদেশকে শুধু প্রত্যাবাসনের জন্য চাপ সৃষ্টি করলেই হবে না; বরং প্রত্যাবাসনের পরিবেশ, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।প্রত্যাবাসনকে কেবল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে মানুষকে ফিরিয়ে দেওয়ার বিষয় হিসেবে বিবেচনা করা যাবে না। এটি মূলত মানুষের অধিকার, পরিচয়, মর্যাদা এবং নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রশ্ন।
সামনে তিনটি গুরুত্বপূর্ণ পর্যায় আমার বিবেচনায়, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়ের তাৎপর্যকে তিনটি কৌশলগত পর্যায়ে দেখা যেতে পারে।
প্রথম পর্যায়: আইনি স্বীকৃতি—অর্জিত। আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায়বদ্ধতা প্রতিষ্ঠা করেছেন। এটি দীর্ঘদিনের ন্যায়বিচারের সংগ্রামে একটি ঐতিহাসিক আইনি মাইলফলক।
দ্বিতীয় পর্যায়: রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন এখনো বাকি।নাগরিকত্ব, অবাধ চলাচল, সমতা, নিরাপত্তা, সম্পত্তি পুনরুদ্ধার এবং রাজনৈতিক অংশগ্রহণকে বাস্তব অধিকারে পরিণত করতে হবে।
তৃতীয় পর্যায়: নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন—এখনো বাকি। রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়া, নিজস্ব গ্রামে বসবাস করা এবং সমান নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, মিয়ানমারকে রায় ঘোষণার দুই বছরের মধ্যে, অর্থাৎ ১৯ নভেম্বর ২০২৮-এর মধ্যে, সম্পত্তি পুনরুদ্ধারের গৃহীত ব্যবস্থা এবং পূর্ণাঙ্গ পুনরুদ্ধার সম্ভব না হলে ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। পরবর্তী পর্যায়ে আদালত ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকারের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।এই সময়সীমা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অগ্রগতি পর্যবেক্ষণ এবং জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে নাগরিক সমাজ ও স্থানীয় সংস্থাগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।এই নতুন বাস্তবতায় বাংলাদেশের নাগরিক সমাজ এবং স্থানীয় মানবিক সংস্থাগুলোর জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে কক্সবাজারে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে কাজ করা সংস্থাগুলো আগামী দিনের অধিকারভিত্তিক সমাধানে কার্যকর অবদান রাখতে পারে।এই প্রক্রিয়া শুধু আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিষ্ঠান বা বিদেশি মানবিক সংস্থার মাধ্যমে পরিচালিত হওয়া উচিত নয়। স্থানীয় নাগরিক সমাজ, কমিউনিটি নেতৃত্ব এবং রোহিঙ্গা প্রতিনিধিদেরও সমানভাবে অংশীদার করতে হবে। স্থানীয় সুশীল সমাজ এবং PHALS-এর মতো স্থানীয় সংস্থা, যাদের দীর্ঘদিনের মানবিক কার্যক্রম, কমিউনিটি উন্নয়ন, সামাজিক সংহতি ও স্থানীয় নেতৃত্ব বিকাশে অভিজ্ঞতা রয়েছে, তারা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।বিশেষ করে কমিউনিটি পর্যায়ে সংলাপ, তথ্য সংরক্ষণ, অধিকার সচেতনতা, সামাজিক সংহতি এবং রোহিঙ্গা নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে স্থানীয় সংস্থাগুলো কার্যকর অবদান রাখতে পারে।
এ লক্ষ্যে একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে: ‘গণহত্যার স্বীকৃতি থেকে ন্যায়বিচার ও প্রত্যাবাসন: নাগরিকত্ব, অধিকার এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য রোহিঙ্গা নেতৃত্বাধীন রোডম্যাপ।’
এই উদ্যোগের আওতায় রোহিঙ্গা কমিউনিটি প্রতিনিধি, বাংলাদেশের নাগরিক সমাজ, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, মানবাধিকার সংগঠন এবং আঞ্চলিক অংশীজনদের একত্র করা যেতে পারে। লক্ষ্য হবে এমন একটি বাস্তবসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করা, যা আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার ও প্রত্যাশার সঙ্গে সংযুক্ত করবে।
শেষ কথা, আইনি স্বীকৃতির পর এবার অধিকার প্রতিষ্ঠার পালা। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় যেন শুধু মিয়ানমারের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য একটি ঐতিহাসিক আঘাত হয়ে না থাকে; বরং এটি রোহিঙ্গাদের জীবনে একটি প্রকৃত ঐতিহাসিক পরিবর্তনের সূচনা ঘটায়। দীর্ঘ কয়েক দশক ধরে রোহিঙ্গারা রাষ্ট্রহীনতা, বৈষম্য, নিপীড়ন, বাস্তুচ্যুতি এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার নির্মম বাস্তবতার মধ্য দিয়ে জীবন কাটিয়েছে। তারা হারিয়েছে নিজেদের ঘরবাড়ি, জমিজমা, জীবিকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—নিরাপত্তা, পরিচয় ও আপন ভূমিতে বসবাসের অধিকার।আন্তর্জাতিক সম্প্রদায় অবশেষে তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও নির্যাতনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আইনি স্বীকৃতি পেয়েছে। কিন্তু শুধু আইনি স্বীকৃতি একটি জনগোষ্ঠীর ভবিষ্যৎ ফিরিয়ে দিতে পারে না। রোহিঙ্গাদের জন্য প্রকৃত সমাধান হতে হবে তাদের নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার, নাগরিকত্ব, স্বাধীনতা, নিরাপত্তা, ন্যায়বিচার ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা। লক্ষ্য শুধু সীমান্ত পার করে শরণার্থীদের ফিরিয়ে দেওয়া নয়। বরং তাদের নিজ দেশে সমান অধিকার নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা দেওয়া। এখন রোহিঙ্গা নেতৃত্বকে আরও ঐক্যবদ্ধ, সংগঠিত ও কৌশলগতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। বাংলাদেশকে কূটনৈতিক নেতৃত্ব দিতে হবে এবং আন্তর্জাতিক অংশীদারদের দীর্ঘমেয়াদি রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিতে হবে।এই ঐতিহাসিক রায়ের প্রকৃত সাফল্য নির্ধারিত হবে বিশ্ব কত জোরালোভাবে মিয়ানমারের নিন্দা করল, তা দিয়ে নয়; বরং রোহিঙ্গারা শেষ পর্যন্ত নিজেদের মাতৃভূমিতে সমান নাগরিক হিসেবে স্বাধীনতা, নিরাপত্তা, ন্যায়বিচার ও মর্যাদা নিয়ে ফিরে যেতে পারল কি না, তা দিয়ে। রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে যে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে, সেটিই এখন নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এটাই সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় মানবিক অঙ্গীকার। আইনি স্বীকৃতি অর্জিত হয়েছে। এবার সেই স্বীকৃতিকে বাস্তব অধিকারে রূপান্তর করার সময়।