ড. মো: আরিফুর রহমান, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, ইপসা (YPSA)
অভিবাসন বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে আমাদের কর্মীরা নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত না হলে এই বিদেশযাত্রা কর্মী ও তার পরিবারের জন্য বড় ধরনের ঝুঁকি ও অনিশ্চয়তার কারণ হতে পারে।
আমরা দেখতে পাই- প্রতারণা, অতিরিক্ত অর্থ আদায়, ভুল তথ্য এবং অনিয়মের কারণে অনেক অভিবাসনপ্রত্যাশী ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে সরকারি নিয়ম ও বৈধ রিক্রুটিং প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় অনেকেই মধ্যস্বত্বভোগী বা অনিবন্ধিত সাব-এজেন্টের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তাই সাব-এজেন্টদের কার্যক্রমকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনা অত্যন্ত জরুরি।
এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। দৈনিক কক্সবাজারের মতো স্থানীয় গণমাধ্যম অভিবাসনপ্রত্যাশীদের কাছে বৈধ অভিবাসন প্রক্রিয়া, প্রকৃত ব্যয়, প্রতারণার ঝুঁকি এবং সহায়তা পাওয়ার ব্যবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে পারে।
আমাদের লক্ষ্য হওয়া উচিত, একজন মানুষ বিদেশে যাওয়ার আগে যেন অন্তত পাঁচটি বিষয় নিশ্চিতভাবে জানতে পারেন: তিনি কোন বৈধ পথে বিদেশ যাচ্ছেন, তার চাকরিটি বাস্তব কি না, মোট কত টাকা খরচ হবে, চাকরির চুক্তির শর্ত এবং বিদেশে সমস্যায় পড়লে কোথায় সহায়তা পাবেন।
নিরাপদ অভিবাসন কোনো একক প্রতিষ্ঠান বা সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার যৌথ দায়িত্ব। সরকার, রিক্রুটিং এজেন্সি, সাব-এজেন্ট, স্থানীয় প্রশাসন, সিভিল সোসাইটি ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সঠিক তথ্য, স্বচ্ছ প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই আমরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনের পথ সুগম করতে পারব।