কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ১৭ জন আসামিকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। একই সঙ্গে পৃথক চিরুনি অভিযান চালিয়ে আরও ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সদর মডেল থানা সূত্রে জানা যায়, গতকাল অভিযানে আটক ১৭ আসামির মধ্যে ২ জন চোর ও ছিনতাইকারী, ৫ জন মাদক সেবনকারী, ৮ জন বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি এবং ২ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। চোর ও ছিনতাইকারীদের মধ্যে মোহাজের পাড়ার শহিদুল ইসলাম খোকন (২১) ও ঘোনার পাড়ার মোহাম্মদ আরিফ (৩২)-কে আটক করা হয়েছে। মাদক সেবনের অভিযোগে আটক হয়েছেন আলির জাহানের আবিদ হাসান ঈশান (২১) ও সাইফুল ইসলাম (২৩), চকরিয়া খুটাখালীর তামিদুল ইসলাম (২৮), রামুর কচ্ছপিয়ার আরিফুল ইসলাম (১৯) এবং বান্দরবান নাইক্ষ্যংছড়ির আবু সাইদ। এছাড়া ধর্তব্য অপরাধে চট্টগ্রাম সাতকানিয়ার পন ধর (৫০), ঘোনার পাড়ার নুনু দাস (৩৫) ও ছোটন দে (৩৫), ময়মনসিংহের মোঃ তারেক (২৩), নাটোরের মনির হোসেন (৪০), সিরাজগঞ্জের আব্দুল্লাহ (২৮), খুরুশকুলের আজিজুর রহমান (৩৫) ও দিনাজপুরের শ্রী লিটন দেব সরমা (৩২)-কে এবং পরোয়ানাভুক্ত আসামির তালিকায় নুনিয়ারছড়ার মোঃ ইকবাল হোসেন ও খুরুশকুলের মোঃ এহসান উল্লাহকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌরসভা এলাকায় পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে থানা হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ইতিমধ্যে ১০ জন কিশোরকে তাদের স্ব-স্ব অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ১৭ জন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পর্যটন শহরের সার্বিক নিরাপত্তা বিধান ও অপরাধমুক্ত পরিবেশ বজায় রাখতে কিশোর গ্যাং ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।