ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দা হান্ড্রেডের নিলামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ভিত্তিমূল্য এক লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহ্যাম ফিনিক্স। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি। লন্ডনে বৃহস্পতিবার নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মুস্তাফিজের। তার জন্য বার্মিংহ্যাম ছাড়া আর কেউ বিড করেনি। ফলে এই দলটিই পেয়ে যায় ৩০ বছর বয়সী পেসারকে।
নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা এই লেগ স্পিনারের নাম নিলামের প্রথম ধাপে উঠলেও, আট ফ্র্যাঞ্চাইজির কেউ আগ্রহ দেখায়নি।
প্লেয়ার ড্রাফট থেকে বেরিয়ে দা হান্ড্রেডের নিলাম হলো এবারই প্রথম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলার হাতছানি মুস্তাফিজের সামনে।
বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে ছিলেন মুস্তাফিজ। আইপিএলের গত নভেম্বরের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে, ভারতীয় বোর্ডের নির্দেশে জানুয়ারির শুরুতে তাকে দল থেকে ছেড়ে দেয় কলকাতা।
এরপর তুমুল উত্তপ্ত হয়ে ওঠে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক। নিরাপত্তা ঝুঁকির কথা বলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ।
আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার তিন দিন পরই মুস্তাফিজকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দেয় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। নিলামের আগে ৬ কোটি ৮৮ লাখ পাকিস্তানি রুপিতে তার সঙ্গে সরাসরি চুক্তি করে লাহোর কালান্দার্স।
দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মুস্তাফিজ। বর্তমানে বাংলাদেশ দলের হয়ে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন তিনি।
এই বছরের ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত চলবে দা হান্ড্রেডের ষষ্ঠ আসর।