কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভেসে আসা বিশালাকার মৃত তিমিটি তিনদিন ধরে পড়ে থাকায় পচে গলে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এটি পুঁতে ফেলার কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পবিত্র রমজানে রোজাদারসহ সাধারণ মানুষ এই দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন।
গত শনিবার রাতে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের পশ্চিম সমুদ্র সৈকতে মৃত তিমিটি প্রথম ভেসে আসে। জোয়ারের তোড়ে এটি উপকূলের কাছাকাছি চলে এলে স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এস্কেভেটর দিয়ে বালিয়াড়িতে গর্ত খুঁড়ে এটি পুঁতে ফেলার প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল।
দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান, শনিবার রাতেই আমরা তিমিটি পুঁতে ফেলেছিলাম। কিন্তু পরের দিন জোয়ারের তীব্রতায় সেটি আবারও বালিয়াড়ি থেকে বেরিয়ে ভেসে ওঠে। বর্তমানে তিমিটি পচে যাওয়ায় পুরো এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য আমরা জেলা প্রশাসনকে অবহিত করেছি।
স্থানীয়দের অভিযোগ- কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদোন্নতিজনিত কারণে বদলি হয়েছেন এবং সহকারী কমিশনার (ভূমি) বর্তমানে ছুটিতে রয়েছেন। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করলেও সৈকতের এই জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, গরমে তিমির পচা মাংস থেকে সৃষ্ট জীবাণু ও গন্ধে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। দ্রুত গভীর গর্ত খুঁড়ে বৈজ্ঞানিক উপায়ে তিমিটি সৎকার করার জন্য তারা জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।