বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পেয়ারাবুনিয়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন একটি ট্যাকটিক্যাল অপারেটিং বেস (টিওবি) স্থাপন ও উদ্বোধন করা হয়।
বুধবার (১১ মার্চ) কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিওবিটির উদ্বোধন করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তত্ত্বাবধানে সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘুমধুম ইউনিয়নের পেয়ারাবুনিয়া এলাকায় এ টিওবি স্থাপন করা হয়েছে। গত ২০২৫ সালে ১০ ডিসেম্বর টিওবির নির্মাণকাজ শুরু হয়ে চলতি বছরের ২ মার্চ তা সম্পন্ন হয়।
উদ্বোধন অনুষ্ঠানে রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি জানিয়েছে, নতুন এই টিওবি চালু হওয়ায় মিয়ানমার সীমান্তে নজরদারি আরও জোরদার হবে এবং সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে কার্যকর ভূমিকা রাখবে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নিরাপত্তা ও স্বস্তি বাড়বে বলে আশা করা হচ্ছে।