টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়া পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার -৩ ( সদর, রামু, ঈদগাঁও ) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
শনিবার ( ১১ জুলাই ) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় জরুরি মানবিক সহায়তা বিতরণ করেন।
পরিদর্শনকালে তিনি রামু উপজেলার মিঠাছড়ি, রাজারকুল, ঈদগাঁও উপজেলার বংকিম বাজার, মাইচ পাড়া, ঈদগাঁও বাজার, সদর উপজেলার চৌফলদন্ডী, বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন এবং বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জরুরি মানবিক সহায়তা বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে এমপি কাজল বলেন, 'প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক দুর্গত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে দিচ্ছেন। বিএনপি সব সময়ই গণমানুষের দল হিসেবে কাজ করে এসেছে। পানিবন্দি ও অসহায় মানুষের জন্য যা যা প্রয়োজন, তা করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকায় প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং থাকবো।'
একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় দলীয় সর্বস্তরের নেতাকর্মীদেরও সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার জোর আহ্বান জানান তিনি।
মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দুর্গত এলাকাগুলোতে অসহায় পরিবারের মধ্যে চাল, ডালসহ শুকনো খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, আর্থিক সহায়তা ও অন্যান্য জরুরি সামগ্রী বিতরণ করা হয়।
পরে তিনি পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের দ্রুত প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন এমপি লুৎফুর রহমান কাজল।
এদিন সন্ধ্যায় পৌরসভার ছাত্তারের ঘোনা এলাকায় পাহাড় ধসে নিহত আলী আকবর ও ঝিলংজা, দরিয়া নগর এলাকার নাছিমা আক্তারের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন এমপি লুৎফুর রহমান কাজল।