বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী, আজিজনগর ও সরই ইউনিয়নের বিভিন্ন ছড়া, ঝিরি ও খাল থেকে প্রায় ২০০ পয়েন্টে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয় ও বহিরাগত অস্ত্রধারী ক্যাডারদের নিয়ে গঠিত একটি প্রভাবশালী সিন্ডিকেট প্রতিদিন দুই সহস্রাধিক ট্রাক ও ডাম্পার গাড়িতে করে এই বালু পাচার করে আসছে। সদর থেকে এলাকাগুলোর দূরত্ব বেশি এবং যাতায়াত ঝুঁকিপূর্ণ হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষে নিয়মিত নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
জানা গেছে, উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বচাম্বী এলাকার আমতলী, ধূইল্যা ও গরুরলোডা গ্রামে অবৈধ বালু উত্তোলন ও বহিরাগত অস্ত্রধারী ক্যাডার বাহিনীর দৌরাত্ম্যে সাধারণ মানুষের মাঝে আতংক তৈরি হচ্ছে। একটি ওয়ার্ডের ১ কিলোমিটার এলাকার মধ্যে ১২টি পয়েন্ট থেকে ৩০টির অধিক ড্রেজার মেশিন দিয়ে দিনেরাতে বালু উত্তোলন চলছে। স্থানীয়দের ভাষ্যমতে প্রতিদিন কমপক্ষে ৪ শতাধিক গাড়ি (ট্রাক/ডাম্পারে) বালু পাচার হচ্ছে। দিনভর এলাকা শান্ত থাকলেও রাত নামলেই পাল্টে যায় পুরো দৃশ্যপট।
নাম প্রকাশ না করা সত্ত্বে বালু পয়েন্টের আশপাশের লোকজন জানান, পাশ্ববর্তী লোহাগাড়া উপজেলার ৪থেকে৫টি সংঘবদ্ধ গ্রুপ মোটর সাইকেল ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে বালু উত্তোলন ও পাচার করে। তাদের সাথে স্থানীয় ১৫ থেকে ২০ জন লোক জড়িত রয়েছে। তাদের ভয়ে মুখ খুলতে পারছেনা স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, আমতলী গ্রামের মেম্বার ছৈয়দুর রহমানের বাড়ির পূর্ব পাশে ডলু খাল থেকে তিনটি ড্রেজার মেশিন দিয়ে দেদারসে বালু উত্তোলন করে বিশাল বালু স্তুপ করা হয়েছে। একদিকে বালু উত্তোলন চলছে অন্যদিকে গাড়িতে পাচার করা হচ্ছে। একই গ্রামের পশ্চিম পাশে মহসিন ডাক্তার ও মসজিদের পাশে আরো দুইটি বালু পয়েস্ট রয়েছে। ডলু খাল ও গরুরলোড়া খালের মোহনায় (মোস্তফা নগরের পিছনে) ড্রেজার বসিয়ে বালু বিশাল স্তুপ করা হয়েছে। এই স্তুপ থেকে শুক্রবার সকাল থেকে কমপক্ষে ৪০ গাড়ি বালু পাচার হয়েছে বলে দাবী করেছে পার্শ্ববর্তী লোকজন।
গরুরলোডা গ্রামের সাবেক মেম্বার হারিস মিয়ার বাড়ির পাশে তিনটি বালুর পয়েন্টে তিনটি বিশাল স্তুপে ৩ থেকে ৪ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়েছে। ধূইল্যা খালে আরো তিনটি বালু পয়েন্ট থেকে দিনেরাতে বালু উত্তোলন ও পাচার চলছে। স্থানীয় কয়েকটি গ্রুপকে সুবিধা দিয়ে বহিরাগত লোহাগাড়ার লোকজন এই বালু নিয়ে যাচ্ছে। এলাকার ক্ষতি হওয়ার পরেও বাঁধা দিচ্ছেননা কেন?
স্থানীয়দের এমন প্রশ্ন করলে তারা জানান, আমাদের নিত্যদিন লোহাগাড়া যেতে হয়। বাঁধা দিলে আর যেতে পারবোনা। এছাড়া ওদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে। পূর্বচাম্বী এলাকার ১২টি পয়েন্ট থেকে তোলা লাল বালু লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় যাচ্ছে। এইসব অবৈধ বালু থেকে কোন রাজস্ব পাচ্ছেনা সরকার এবং যত্রতত্র বালু তোলার কারণে এলাকার ভোগলিক দৃশ্যপটও পাল্টে যাচ্ছে।
অনিয়ন্ত্রিত এই বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে বহু ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিগত ও বর্তমানে চরম ভাঙন ঝুঁকিতে রয়েছে ডলুখাল, গরুরলোডা খাল ও ধূইল্যা খাল পাড়ের লোকজন।
আমতলী গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল আওয়াল, দেলোয়ার হোসেন ভয় ও আতঙ্কের সঙ্গে জানান, দিনে রাতে ড্রেজারের বিকট শব্দে আমরা কোন কাজ করতে পানিরা। অনেকসময় নির্ঘুম রাত কাটাই।
স্থানীয়দের অভিযোগ, কয়েকবছর থেকে বালু উত্তোলন চললেও গত দুইবছর যাবৎ উদ্বেগজনক হারে বেড়েছে বালু উত্তোলন। আগে পুরো এলাকায় ২ থেকে ৩টি পয়েন্ট থেকে বালু উত্তোলন হত। এখন তা বেড়ে ত্রিশের অধিক।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে।
লামার পরিবেশকর্মী ও সাংবাদিক এম রূহুল আমিন বলেন, দেদারছে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও স্থানীয় জনজীবনে এর ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে। যেমন, পানির উৎস ধ্বংস: ঝিরি ও ছড়ার তলদেশ থেকে বালু তুলে নেওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এর ফলে শুষ্ক মৌসুমে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিচ্ছে এবং প্রাকৃতিক ঝর্ণাগুলো শুকিয়ে যাচ্ছে। ছড়া ও খালের পাড় কেটে বালু তোলার কারণে তীরবর্তী মাটি আলগা হয়ে পড়ছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ পাহাড় ধস, ভূমিধস এবং ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার ঘটনা ঘটছে। জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদের ক্ষতি: প্রাকৃতিক ছড়া ও খালগুলো স্থানীয় মাছ ও জলজ প্রাণীর প্রজনন ক্ষেত্র। বালু উত্তোলন যন্ত্রের শব্দ, তেল-মবিল নিঃসরণ এবং তলদেশের গঠন নষ্ট হওয়ায় জলজ জীববৈচিত্র্য বিলুপ্তির পথে। সেতু, কালভার্ট এবং গ্রামীণ সড়কের খুব কাছ থেকে বালু তোলার ফলে এসব স্থাপনার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ সাংবাদিকদের জানান, অবৈধ বালু উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। তবে বালু উত্তোলনকৃত স্থান গুলো অনেক দূর্গমে পাহাড়ী এলাকা। উপজেলা প্রশাসন যেকোন পদক্ষেপ নিলে আমরা সহায়তা করব।
বিষয়টি নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের বক্তব্য নিতে লামা উপজেলা নির্বাহী অফিসার ও পরিবেশ অধিদপ্তর বান্দরবানকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কল রিসিভ না করায় প্রশাসনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।