প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে এবার বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বোরি) এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা-কর্মচারীরা ইউনিয়ন হসপিটাল থেকে নিয়মিত ও জরুরি চিকিৎসা সূলভ মূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
সোমবার (০৯ নভেম্বর) বিকেলে বোরি’র হলরুমে আয়োজিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক কমডোর শেখ শাহীদ আহমেদ (এইচ১), এনপিপি, পিএসসি, বিএন চুক্তিতে স্বাক্ষর করেন। একইভাবে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মুকিত চৌধুরী এবং সমঝোতা স্মারকটি হস্তান্তর করেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বেলাল উদ্দিন জয়।
অনুষ্ঠানে বোরি’র মহাপরিচালক কমডোর শেখ শাহীদ আহমেদ বলেন, ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির সঙ্গে স্বাস্থ্যসেবা বিষয়য়ক সমঝোতা চুক্তি করতে পেরে আনন্দিত বোধ করছি। আমি আশা করি, এই চুক্তির মাধ্যমে বোবি’র কর্মকর্তা কর্মচারীগণ আধুনিক ও সন্তোষজনক চিকিৎসা সেবা পাবেন।
ইউনিয়ন হসপিটালের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বেলাল উদ্দিন জয় বলেন, কক্সবাজারের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার পাশাপাশি আমরা কক্সবাজারে কর্মরত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং পর্যটকদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, চিকিৎসা সেবাকে আমরা শুধুমাত্র ব্যবসায়ীক কেন্দ্র হিসেবে না দেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিবেচনা করছি।
অনুষ্ঠানে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ, মোঃ জাকারিয়া, সাইন্টিফিক অফিসার মোঃ আলমগীর হোসাইন, সৌমিত্র চৌধুরী অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ। ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির নির্বাহী সদস্য মো. নুরুল হক, পাবলিক রিলেশন অফিসার রুহুল কাদের শিলুসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।