চলতি অর্থবছরে ৮০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্কিম গ্রহণের পরিকল্পনা, পৌরসভার ৩ দশমিক ১৩ কিলোমিটার নতুন ড্রেন, ৬৬৬ মিটার খাল পুনঃখনন, ১০টি আরসিসি বক্স কালভার্ট, ক্যাচ পিট, পাইপ, স্ল্যাব, ম্যানহোল ও ১৪ মিটার লিংক রোড নির্মাণসহ আরও ৯টি উপ-প্রকল্প গ্রহণের প্রস্তাবনা রয়েছে বলে জানিয়েছেন, এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
সোমবার ( ০৯ নভেম্বর ) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার -৩ ( সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের উত্থাপিত
প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান সংসদে এ তথ্য জানান।
এমপি লুৎফুর রহমান কাজল তার কাছে জানতে চেয়েছিলেন, কক্সবাজার পৌরসভার রাস্তা-ড্রেন সংস্কার ও সম্প্রসারণের লক্ষ্যে চলতি অর্থবছরে কোনো প্রকল্প গ্রহণ করা হয়েছে কিনা।
সংসদ সদস্যর এমন প্রশ্নের উত্তরে এলজিআরডি মন্ত্রী বলেছেন, কক্সবাজারের টেকসই উন্নয়নের জন্য ১০৭ কোটি টাকার প্রস্তাবিত ব্যয়ে ৯টি উপ-প্রকল্প গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, এলজিইডি'র আওতায় বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় কক্সবাজার পৌরসভায় বর্তমানে ২৫ কোটি ২০ লাখ টাক ব্যয়ে পৌরসভার রাস্তা সম্প্রসারণ, ড্রেন নির্মাণ, স্ট্রিট লাইট ও ফুটপাথ নির্মাণ কাজ চলমান আছে। এছাড় উক্ত প্রকল্পের আওতায় চলতি ২০২৬-২৭ অর্থবছরে আরও ৮০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্কীম গ্রহণের পরিকল্পনা রয়েছে সরকারের। যার দরপত্র জানুয়ারী ২০২৭-এ আহ্বান করা হতে পারে।
এছাড়া, আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট এর আওতায় কক্সবাজার পৌরসভার ৩ দশমিক ১৩ কিলোমিটার নতুন ড্রেন নির্মাণ করে বাঁকখালী নদীতে পানি নিষ্কাশনের পরিকল্পনা আছে। এছাড় ৬৬৬ মিটার খাল পুনঃখনন, ১০টি আরসিসি বক্স কালভার্ট, ক্যাচ পিট, পাইপ, স্ল্যাব, ম্যানহোল ও ১৪ মিটার লিংক রোড নির্মাণের সংস্থান রয়েছে, যার প্রাক্কলিত ব্যয় ৩৩ কোটি ৫৮ লাখ টাকা।
এলজিআরডি মন্ত্রী আরও জানিয়েছেন, কক্সবাজার পৌরসভার বর্তমান চাহিদার ভিত্তিতে আরও ৯টি উপ-প্রকল্প (৭টি সড়ক ড্রেন উন্নয়ন এবং ২টি ড্রেন নির্মাণ ও পুনর্বাসন) গ্রহণের প্রস্তাবনা রয়েছে। এগুলোর মোট প্রাক্কলিত ব্যয় ১০৭ কোটি টাকা।
সরকারের পক্ষ থেকে কক্সবাজার ও এর আশপাশের অঞ্চলকে ঘিরে বৃহৎ অর্থনৈতিক ও অবকাঠামোগত মহাপরিকল্পনা নেওয়া হয়েছে বলেও সংসদে জানান এলজিআরডি মন্ত্রী।
এমপি কাজলের দাপ্তরিক সূত্র জানিয়েছে, পর্যটন নগরী কক্সবাজার সদর, রামু ও নবগঠিত ঈদগাঁও উপজেলার অবহেলিত জনপদের ভাগ্যোন্নয়নে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলোর মূল লক্ষ্য পর্যটন নগরী কক্সবাজার এবং এর আশেপাশের এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সুবিধা বৃদ্ধি করা।