ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্র বলছে, সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় সাঈদ খোকনের বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করার অনুমোদন দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সাঈদ খোকন। ওই বছরের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন সাঈদ খোকন। পরের দফায় সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।