কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ আলমগীর চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আরও দুই আওয়ামী লীগ নেতা এবং এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে।
রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ড়ের সায়মা প্লাজা এলাকা থেকে তাদেে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতারা হলেন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি আমান উদ্দিন আমান (৪৫), চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ কাজল (৪৩) এবং ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ঠিকাদার মোহাম্মদ পারভেজ উদ্দিন (৪৮)।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন মামলায় আসামি করা হয়। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। আওয়ামী লীগ নেতা আমান উদ্দিন ও কাজলের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই। গ্রেফতারকৃত বিএনপি নেতা পারভেজ সাবেক মেয়র আলমগীর চৌধুরীকে আটকের চেষ্টা করলে পুলিশকে বাধা দেয়ায় তাকেও গ্রেফতার করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে প্রেস জামিন নেওয়ার বিষয়টি আলমগীর চৌধুরী নিশ্চিত করতে পারেননি। এ ছাড়া চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাতেও আলমগীর চৌধুরী অভিযুক্তের তালিকায় রয়েছেন।
তবে ওই মামলার বাদী আদালতে আপোসনামা দিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।