পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌধুরী বাজারে সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি ওসমান গনির নেতৃত্বে প্রায় দুই মাস আগে বাজারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংক সংলগ্ন সড়কের পাশে প্রায় ২০ শতক সরকারি খাস জমি দখল করা হয়। যার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে দাবি স্থানীয়দের। পরে ওই জমিতে টিনের ঘেরাবেড়া দিয়ে মাটি ভরাট করা হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘদিন প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু হলে স্কেভেটর দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এ সময় ওসমান গনি নিজ উদ্যোগে ঘেরাবেড়া সরিয়ে নেওয়ার কথা জানিয়ে তিনি নিজেই সেগুলো অপসারণ করেন।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জবরদখল করা সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পদ কিছুতেই বেহাত হতে দেওয়া যাবে না।