প্রথমার্ধের ৩৬ মিনিটে শেলদেরুপের গোলে লিড নিয়েছিল নরওয়ে। ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে আসা দলটি কি আবারও অঘটন ঘটাতে যাচ্ছে? এমন প্রশ্ন যখন উঠি উঠি, জ্বলে উঠলেন জুড বেলিংহ্যাম। সমতা ফেরালে। ফাউলের কারণে নরওয়ের একটি গোল বাতিল হলো, হ্যারি কেনেরও গোল বাতিল হলো অফসাইডের কারণে। উঠল একাধিক পেনাল্টির দাবিও। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিলেন বেলিংহ্যামই।
শনিবার (১১ জুলাই) মায়ামি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল ম্যাচে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বেলিংহ্যাম জয়সূচক গোলটি করে ইংল্যান্ডকে সেমিফাইনালের টিকিট এনে দেন। ২০১৮ বিশ্বকাপের পর আবারও সেরা চারে জায়গা করে নিলো থ্রি লায়ন্স।
এর আগে প্রথমার্ধে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে লিড নেয় নরওয়ে। কিন্তু এই অর্ধের যোগ করা সময়ে সমতা ফেরান বেলিংহ্যাম।
এই ম্যাচে জোড়া গোল করে দিয়েগো ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসিয়েছেন বেলিংহ্যাম। ১৯৮৬ বিশ্বকাপের নকআউট পর্বে টানা দুই ম্যাচে জোড়া গোল করেছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। মেক্সিকোর বিপক্ষে রাউন্ড অব ১৬–এ জোড়া গোলের পর আজ আবার জোড়া গোল করেছেন বেলিংহ্যাম।
দ্বিতীয়ার্ধে ভিএআর (ভিএআর) পর্যালোচনার পর নরওয়ের একটি গোল বিতর্কিতভাবে বাতিল করা হয়। সিদ্ধান্তে বলা হয়, গোল হওয়ার আগে আর্লিং হালান্ড ফাউল করেছিলেন। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে দুই দলের খেলোয়াড়দেরই শারীরিক সক্ষমতার সর্বোচ্চ পরীক্ষা দিতে হয়।
এরপর জুড বেলিংহ্যাম আবারও বড় মুহূর্তে দলের ত্রাতা হয়ে ওঠেন। নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিয়ল্যান্ডের ভুলের সুযোগ নিয়ে বল জালে জড়িয়ে টুর্নামেন্টে নিজের ষষ্ঠ গোলটি করেন তিনি, যা ইংল্যান্ডকে জয় এনে দেয়। ৬০ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগের লক্ষ্যে আগামী বুধবার (১৫ জুলাই) সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ড।
এদিন আর্লিং হালান্ডের নরওয়ের হয়ে টানা ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার দুর্দান্ত ধারার ইতি ঘটেছে । জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে তিনি গোল করতে পারেননি এবং অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে ক্লান্ত হয়ে মাঠ ছাড়েন।
এই বিশ্বকাপের আগে ১৯৬৬ সালের ফাইনালের পর থেকে নকআউট পর্বে প্রথমে গোল হজম করে কোনো ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। তবে এবার সেই ইতিহাস বদলে দিয়েছে তারা; টুর্নামেন্টে তিনটি নকআউট ম্যাচের মধ্যে দুটিতেই পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে।