টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পেকুয়ায় বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
শনিবার (১১ জুলাই) দূপুরে জেলার পেকুয়া সদর ইউনিয়নের বাংলা পাড়া এলাকায় বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের হাতে ত্রাণ ও ঔষধ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।
এ সময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। দুর্যোগে কেউ যেন খাদ্যসংকটে না থাকে, সে লক্ষ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা অব্যাহত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চলবে। এ সময় তিনি পৌরসভা সহ উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আকতার নিলয়, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিমসহ জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া পেকুয়া উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন রাজনৈতিক দল বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।