মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে বৈশ্বিকভাবে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের মজুত সংরক্ষণ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে। এর পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) যানবাহনের ধরন অনুযায়ী পাম্প থেকে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি গ্রহণের নির্দেশনাও দিয়েছে।
এ অবস্থায় সীমান্তবর্তী এলাকায় কিছু অসাধু চক্র জ্বালানি তেল অবৈধভাবে পাচারের চেষ্টা করতে পারে- এমন শঙ্কায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফস্থ ২ বিজিবি জানায়, জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তের বিভিন্ন চেকপোস্টে বিশেষ তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি নাফ নদীতে টহল বৃদ্ধি ও চলাচলকারী নৌযানগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন ও নৌযানের ওপরও কঠোর নজরদারি রাখা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে বিজিবি স্থানীয় ব্যক্তিদের নিয়ে জনসচেতনতামূলক সভাও আয়োজন করছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে টেকনাফ জেটিঘাটে সংবাদ সম্মেলনে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে। জ¦ালানি তেল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ বিভিন্ন সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন।
মো. হানিফুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিজিবি আধুনিক প্রযুক্তিও ব্যবহার করছে। ড্রোন, থার্মাল ইমেজার, রাডার, বডি-ওয়ার্ন ক্যামেরা, আধুনিক সিগন্যাল সরঞ্জাম, নৌযান এবং ডগ স্কোয়াড ব্যবহারের মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি কার্যক্রম আরও শক্তিশালী করা হয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় অর্থনীতির স্বার্থ রক্ষায় বিজিবি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও জনগণের আস্থা ও বিশ^াসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন ও সংবিধানের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।