মহেশখালীতে আদালত চলাকালে প্রাঙ্গণের ভেতরে মারামারিতে লিপ্ত হওয়ার দায়ে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা গ্রামের আনিসুল হকের পুত্র ইনজামামুল হক এবং শাপলাপুর বারিয়াপাড়া এলাকার আব্দুস সালামের পুত্র আব্দুল মাহবুব আদালত প্রাঙ্গণে হঠাৎ বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা একে অপরকে মারধর শুরু করেন।
আদালত চলাকালে বিশৃঙ্খলার বিষয়টি মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেনের দৃষ্টিগোচর হয়। তিনি তাৎক্ষণিকভাবে দুজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন।
এছাড়া প্রত্যেককে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি বিবিধ মামলা (মামলা নং- ৪/২০২৬) রুজু করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত দুই যুবককে সাজা ভোগের জন্য জেলহাজতে প্রেরণ করা হয়েছে।