উখিয়ায় বিএনপি নেতা নুরুল আমিন মেম্বারকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা । এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপি সহ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ ও নিন্দা জানিয়ে উখিয়া সদর স্টেশনে রাতে বিক্ষোভ সমাবেশ সহ সড়ক অবরোধ করে। নেতৃবৃন্দ এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগকে দায়ী করেছে।
পালংখালী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ও উখিয়া জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আহত নুরুল আমিনের অবস্থা আশঙ্কাজনক। জীবন মৃত্যুর সন্ধিক্ষনে তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে বলে পরিবারের সদস্যরা জানান।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাছে নুরুল আমিনের ওপর পরিকল্পতোভাবে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতাল হয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে হত্যার উদ্দেশ্যে নুরুল আমিন মেম্বারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার ছবি ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাত ৯ টার দিকে উখিয়া সদর স্টেশনে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে। জড়িত হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতারের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। প্রতিবাদ সমাবেশে নেতারা অভিযোগ তুলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা আলমগীর ও সরোয়ারের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল মেম্বার নুরুল আমিনের ওপর বর্বরোচিত হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাতাড়ি কোপানো হয়েছে ।
নুরুল আবছার মুন্না দাবি করেন, তার ভাই নুরুল আমিন মেম্বার রোহিঙ্গা ক্যাম্পের একটি বাজার থেকে ব্যবসায়িক লেনদেন ও টাকা সংগ্রহ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এপিবিএন চেকপোস্টের কাছাকাছি পৌঁছলে চিহ্নিত দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে।
মুন্না সাংবাদিকদের কাছে আরও অভিযোগ করে বলেন, কিছুদিন আগে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও যুবলীগের কয়জন নিয়ে একটি বৈঠক হয়েছিল। ওই বৈঠকে ইউনিয়নের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিও উপস্থিত ছিলেন।
পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিনকে হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেল প্রতিরোধ করে আওয়ামী যুবলীগের লোকজন মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীও এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। এপিবিএনও অভিযান শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আলমগীর মার্কেট ও জয়নাল মার্কেট নামে দুটি মার্কেট রয়েছে। দীর্ঘদিন ধরে এ দুটি মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছে। মার্কেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনাটি সংঘটিত হয়েছে বলে স্থানীয়দের ধারনা।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানান, ক্যাম্পের এই মার্কেটের বিরোধের জেরে ইতোমধ্যে উভয় পক্ষের মধ্যে দুটি মামলাও হয়েছে।