বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত জেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠান ৯ নভেম্বর বিকাল সাড়ে ৪ টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা জাফর সাদেক। এসময় চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাফর সাদেক বলেছেন, গণতান্ত্রিক রীতিনীতি ও গঠনতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। যে কোন সংকট ও জরুরী পরিস্থিতিতে জামায়াতে ইসলামী শতভাগ দলীয় গঠনতন্ত্র অনুসরণ করে থাকে। জামায়াতে ইসলামী গঠনতন্ত্র অনুসরণ করে দেশব্যাপী জেলা ও মহানগরী আমীর নির্বাচন সম্পন্ন করেছে। নতুন দায়িত্বশীলের নেতৃত্বে জেলার প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিটকে শক্তিশালী করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করার জন্য তিনি দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, মাওলানা শফিউল হক জিহাদী, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, আখতার আহমদ, আবদুল্লাহ আল ফারুক, জাকির হোছাইন, অধ্যক্ষ নূরুল হোছাইন সিদ্দিকীসহ উপজেলা আমীর ও জেলা মজলিশে শূরার সদস্যবৃন্দ।