স্টাফ রিপোর্টার, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানে বাংলাদেশ- মিয়ানমার ও ভারত মিজোরামের ত্রি-পিলার শুন্যরেখায় সন্দেহজনক হিসেবে স্থানীয় ম্রো সম্প্রদায়ের ২ জনসহ ৮ বাংলাদেশীকে আটক করেছে রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবি'র সদস্যরা।
রবিবার (১৫ নভেম্বর) গভীর রাতে রুমা উপজেলার দোপানীছড়া বিওপি এলাকার ত্রিদেশীয় পিলার সীমান্তবর্তী স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো: হাসান শাহরিয়া বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানান, গত ৫ তারিখ স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকের মাধ্যমে ৬ জনের একটি টিম থানচি হয়ে ত্রি-পিলার সীমানায় যান। পরে বাংলাদেশ সীমানায় অতিক্রম করে তারা ত্রিসীমানায় জিরো লাইনে ঢুকে যান। খবর পেয়ে রুমার ৯ বিজিবির সদস্যরা তাদেরকে ৬৩/৬৪ সীমান্ত পিলারে শুণ্যরেখায় বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। এসময় তাদের কাছ থেকে দেশীয় ছুড়ি, তাবু, শুকনো খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা- বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে বিজিবি।
তবে কেন কি কারনে তারা সেখানে গিয়েছে সে বিষয়ে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।