সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং ট্রলারসহ ৩৮জনকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় ৯টি ট্রলিং জাল ও ২হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
শনিবার ১৪ নভেম্বর বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় (১২ মিটার গভীরতায়) ১৪ নভেম্বর শনিবার রাত ৩টায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্টগার্ড জাহাজ 'শ্যামল বাংলা' কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং ট্রলার জব্দ করা হয়। জব্দ কৃত ট্রলারে তল্লাশি চালিয়ে ৯ টি ট্রলিং জাল ও ২হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছসহ ৩৮জন জেলেকে আটক করা হয়।
জব্দকৃত ট্রলিং ট্রলার, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।