সাগরপথে মাছ ধরার নৌকায় করে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নারী-পুরুষ ও শিশুসহ ৩৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৪জন নারী, ৮জন পুরুষ এবং ১৬জন শিশু রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।
সূত্রে জানায়, ভোররাতে মিয়ানমার থেকে সাগরপথে টেকনাফে প্রবেশ করেন তারা। টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা ইউসুফ আলীর ছেলে ফরিদ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের বাংলাদেশে আনা হয় । নৌকাটি টেকনাফ মেরিন ড্রাইভ হয়ে উপকূলে পৌঁছায়। পরে তাদের টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া এলাকার ফাতেমা খাতুন নামে এক নারীর বাড়িতে আশ্রয় দেওয়া হয়। খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে ৩৮জনকে উদ্ধার করে।
টেকনাফ সদর ইউনিয়নের ইউপি সদস্য রশিদ মিয়া জানান, এক অসাধু নৌকার মালিক অর্থের বিনিময়ে সাগরপথ ব্যবহার করে ৩৮জনের একটি রোহিঙ্গা দলকে বাংলাদেশে প্রবেশ করিয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ ঘটনায় অবৈধভাবে অনুপ্রবেশে সহযোগিতাকারীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
টেকনাফের ২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, ৩৮জনকে অনুপ্রবেশের পর উদ্ধার করে আইনগত অবস্থা নেওয়া হচ্ছে।