টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় হত্যা মামলাসহ পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় ২৭ জন, মানবপাচার মামলায় ৪১ জন এবং অস্ত্র মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তিন মামলায় অজ্ঞাতনামা আরও ৫২ থেকে ৫৯ জনকে আসামি করা হয়েছে। একই ঘটনায় অভিযানস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে।
গত ৮ নভেম্বর রাতে টেকনাফ থানায় উপস্থিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ৩৪/৬৯৬।
পুলিশ সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর অভিযানের সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, একই ঘটনায় টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার বাদী হয়ে পৃথক আরও দুটি মামলা দায়ের করেন। এর মধ্যে একটি মানবপাচার এবং অপরটি অস্ত্র আইনে মামলা। মানবপাচার মামলায় ৪১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে, অস্ত্র মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র মানবপাচারকারীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরে তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গত ৫ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।
তিনি আরও বলেন, এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।