কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামিসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ১৮ জন মাদকসেবী ও একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। এছাড়া শহরের তিনটি গুরুত্বপূর্ণ চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ জনকে আটক এবং ট্রাফিক আইনে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া (চৌধুরী ভবনের পেছনে হক মঞ্জিল) এলাকায় অভিযান চালিয়ে তাজুয়ারুল হক রাদিকে (৩৮) গ্রেপ্তার করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী, রাদি কক্সবাজার সদর থানায় গত আগস্ট মাসে দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে ২০১৮ ও ২০১৯ সালে দায়ের হওয়া অগ্নিসংযোগ, নাশকতা ও হত্যাচেষ্টাসহ আরও দুটি ফৌজদারি মামলা রয়েছে।
এদিকে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ইদ্রিস প্রকাশ রেজভীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উখিয়ার জালিয়াপালং এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঝিলংজার জেলগেট পুলিশ লাইনের পেছনে বসবাস করছিলেন।
পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ফরিদপুরের ফাহিম খান ও এস এম সাগর; ভোলার মিঠুন চন্দ্র দাশ; চট্টগ্রামের বায়েজিদের মোহাম্মদ আলাউদ্দিন প্রকাশ রানা; উখিয়ার মোহাম্মদ হোছন, মোহাম্মদ শাকের ও মোহাম্মদ ইব্রাহীম; টেকনাফের মোহাম্মদ ইসমাইল; ঈদগাঁওয়ের শফি উল্লাহ; মহেশখালীর মোহাম্মদ নূরুল হুদা ও মোহাম্মদ আলী হোসেন; এবং কক্সবাজার সদর ও পৌরসভার বিভিন্ন এলাকার মোহাম্মদ আয়াত উল্লাহ, মোহাম্মদ জুয়েল, আতিকুর রহমান আকাশ, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ করিম উল্লাহ ও মোহাম্মদ শাকিল।
এদিকে অপরাধ প্রতিরোধ ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কলাতলী, বাস টার্মিনাল ও খুরুশকুল চেকপোস্টে বিশেষ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বিভিন্ন অভিযোগে ১০ জনকে আটক করে পুলিশ। এছাড়া বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৬টি প্রসিকিউশন দাখিল করে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।