কক্সবাজারের মহেশখালীতে পুলিশের এক বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) এবং দুই রাউন্ড তাজা কার্তুজসহ মো. করিম (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৫ মার্চ (রবিবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন দক্ষিণ রাজঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত করিম ওই এলাকার মৃত গিয়াস উদ্দিন ও নুরুন্নাহারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এক ব্যক্তি অস্ত্রসহ নিজ বসতঘরে অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে করিম তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে শোবার খাটের জাজিমের নিচ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) এবং দুটি তাজা গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনায় পুলিশ সদস্য বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।