এক যুগেরও বেশি সময় পর আবারও ফিরছে জনপ্রিয় সিনেমা 'ককটেল'র সিক্যুয়েল 'ককটেল ২'। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম ঝলক। সিনেমাতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে তিন জনপ্রিয় তারকা, শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননকে। এক ফ্রেমে উপস্থিতি তিন তারকার ঘিরে উত্তেজনা যেমন তুঙ্গে, তেমনি আলোচনায় এসেছে তাদের পারিশ্রমিকও।
বলিউডে সাধারণত দেখা যায়, নায়কেরাই নায়িকাদের তুলনায় বেশি পারিশ্রমিক পান। এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত জানিয়েছিলেন, 'হাম আপকে হ্যায় কৌন' সিনেমাতে সহ-অভিনেতা সালমান খানের চেয়েও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। যদিও এর ব্যতিক্রমও রয়েছে। তবে ককটেল ২–এর ক্ষেত্রে পারিশ্রমিকের ব্যবধান স্পষ্ট।
বিশ্লেষকদের মতে, 'কবীর সিং'র বিপুল সাফল্যের পর থেকেই নিজের পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন শাহিদ। অন্যদিকে জাতীয় পুরস্কার পাওয়ার পর কৃতির পারিশ্রমিকও বেড়েছে। আর রাশমিকা ইতোমধ্যেই 'পুষ্পা'র মতো বক্স অফিস সফল ছবির মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেছেন।
ইন্ডাস্ট্রির অন্দরমহলের সূত্র বলছে, তিন তারকার মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন শাহিদ কাপুর। এই সিনেমার জন্য তিনি নিয়েছেন প্রায় ৩৫ কোটি রুপি। অন্যদিকে, দুই নায়িকা কৃতি এবং রাশমিকা মান্দানা প্রায় সমান পারিশ্রমিক পেয়েছেন। জানা গেছে, দু’জনেই নিয়েছেন প্রায় ১৫ কোটি রুপি করে।
মূল সিনেমা 'ককটেল' মুক্তি পেয়েছিল ২০১২ সালে। সিনেমাতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাডুকোন এবং ডায়না পেন্টি। এটি পরিচালনা করেছিলেন হোমি আদজানিয়া। রোমান্টিক কমেডি-ড্রামা ঘরানার এই চলচ্চিত্রটি সে সময় বক্স অফিসে আয় করেছিল প্রায় ৬৫০ মিলিয়ন রুপি। এখন দেখার বিষয়, বহু প্রতীক্ষিত ‘ককটেল ২’ দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।