বাংলাদেশ, ভারত ও চীনসহ কয়েকটি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাণিজ্যনীতির অংশ হিসেবে বুধবার (২৫ নভেম্বর) এ ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চীনা পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। ভিয়েতনামের পণ্যে শুল্কের হার হতে পারে সর্বোচ্চ ৩৫ শতাংশ। অন্য দেশগুলোর ক্ষেত্রে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে।
তবে ট্রাম্পের সঙ্গে আগে হওয়া কিছু বাণিজ্য চুক্তিতে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা থাকায় সংশ্লিষ্ট কয়েকটি দেশের ক্ষেত্রে কার্যকর শুল্কের হার কম হতে পারে।
এর আগে গত মার্চে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি ও চর্চা নিয়ে তদন্ত শুরু করে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগে ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর নতুন এই উদ্যোগ নেয়া হয়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় তদন্তের মুখে পড়া দেশ ও অর্থনীতিগুলো হলো চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ অনুযায়ী, কোনো দেশের সরকার এমন বাণিজ্যনীতি বা কার্যক্রম পরিচালনা করছে কি না, যা মার্কিন ব্যবসা, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থের ক্ষতি করে, তা খতিয়ে দেখা হয়। তদন্তে অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে শুল্কসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বারবার বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং বেশ কয়েকটি ক্ষেত্রে তা কার্যকরও করেছেন। তার দাবি, আমদানি শুল্ক বাড়ালে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদনশিল্প শক্তিশালী হবে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে।
তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, আমদানি শুল্কের কারণে পণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতি বাড়তে পারে। এতে সাধারণ ভোক্তাদের ব্যয় বাড়ার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যও বাধাগ্রস্ত হতে পারে।