মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে জায়গা না পেলেও, দর্শক ও অনুরাগীদের ভালোবাসা ও সমর্থনকে নিজের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন মিস ইউনিভার্সের এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।
প্রতিযোগিতার পর ফেইসবুকে দেওয়া বার্তায় প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি জানিয়েছেন, নিজের ‘সর্বোচ্চ চেষ্টা করেছেন’।
মিস ইউনিভার্সের এবারের মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেত্তো।
সামিরা খান মাহি লিখেছেন, “প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন—সত্যিই আমি কৃতজ্ঞ।”
বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করার ‘ইচ্ছা ছিল’ জানিয়ে মাহি বলেন, সে লক্ষ্যেই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন।
মাহির ভাষায়, “বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না।”
তবে প্রতিযোগিতার ফলাফল নিয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন এই অভিনয়শিল্পী।
তিনি লিখেছেন, “আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের আশা অনুযায়ী গর্বিত করতে না পারলে আমি ক্ষমাপ্রার্থী।”
জীবনের সব চেষ্টা যে প্রত্যাশিত ফল বয়ে আনে না, সে উপলব্ধির কথাও তুলে ধরেছেন মাহি। তার মতে, প্রত্যাশা অনুযায়ী ফল না এলেও প্রতিটি চেষ্টার মূল্য রয়েছে। কিছু অভিজ্ঞতা, মুহূর্ত ও অনুভূতি সারা জীবন মনে থেকে যায়।
পোস্টের শেষে দেশের প্রতি ভালোবাসা ও গর্বের কথা জানিয়ে মাহি লিখেছেন, “বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।”
২০২৬ সালের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় গেল ৮ নভেম্বর। মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা হয়নি মাহির।
বুধবার সকালে পুয়ের্তো রিকোয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নিয়েছেন ১১৬ জন প্রতিযোগী।