উপমহাদেশের প্রখ্যাত ইসলামী রাজনীতিবিদ, দার্শনিক আলেমেদ্বীন ও সাবেক তুখোড় পার্লামেন্টারিয়ান খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. প্রতিষ্ঠিত চকরিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসার ৮৩ বছর পূর্তি উপলক্ষে ‘ইতিহাসের সোনালী পাতায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসা’ শীর্ষক সমৃদ্ধ স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বাদ মাগরিব মাদ্রাসার ৮৩ তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আঞ্জুমানে তোলাবায়ে সাবেকীনের উদ্যোগে এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলামুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে প্রকাশিত স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মাওলানা এস. এম. মোরশেদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, খতীবে আযম রহ. এর সুযোগ্য সন্তান, চট্টগ্রাম ওমরগণি এম.ই.এস. কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম ছিদ্দিকী।
তিনি প্রধান অতিথির বক্তব্যে ইসলামী রাজনীতি ও দ্বীনি শিক্ষা বিস্তারে খতীবে আযম রহ. এর অনন্য অবদান এবং বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি এ মাদ্রাসার গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে স্মারকগ্রন্থ প্রকাশের যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসা কেবল একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. এর ইলমী, রাজনৈতিক ও সমাজসংস্কারমূলক চিন্তাধারার এক ঐতিহাসিক স্মারক। প্রতিষ্ঠানটির ৮৩ বছরের পথচলার ইতিহাস, ঐতিহ্য, অবদান ও সংশ্লিষ্ট মনীষীদের স্মৃতি সংরক্ষণে স্মারকগ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে।
আঞ্জুমানে তোলাবায়ে সাবেকীনের সাধারণ সম্পাদক ও প্রকাশিত স্মারকগ্রন্থের সম্পাদক কবি শামীম হোসাইন ছিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে , মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আমান উল্লাহ, প্রবীণ শিক্ষক মাওলানা ইব্রাহিম আজিজী, নির্বাহী মুহতামিম মাওলানা আনিছুর রহমান, সিনিয়র শিক্ষক মাওলানা ইব্রাহিম আসকরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, খতীবে আযম রহ. এর দৌহিত্র মাওলানা মাহমুদুল হাসানসহ শিক্ষকমণ্ডলী, আঞ্জুমানে তোলাবায়ে সাবেকীনের দায়িত্বশীল ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে খতীবে আযম রহ. এর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা নজির আহমদ, কক্সবাজার জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্বাস মুসা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।