মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় তৈরী দুইটি বন্দুকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।
শনিবার দুপুরে কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলো, মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোঃ নুরুল আমিন (৫০) এবং ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ দে ওরফে বাবু (৪৫)। তারা চিহ্নিত ডাকাতদলের সদস্য এবং তাদের বিরুদ্ধে ডাকাতি ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে লে. কমান্ডার মো. আরাফাত হোসেন বলেন, শুক্রবার রাত ১০ টার দিকে মহেশখালীর কুতুবজোম উপকূল এলাকায় ডাকাতি সংঘটনের উদ্দ্যেশে কতিপয় লোকজন জড়ো হওয়ার খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে ধরা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটকদের স্বীকারোক্তি মতে, ডাকাতদলের গোপন আস্তানায় তল্লাশী চালিয়ে পাওয়া যায় দেশিয় তৈরী ২ টি লম্বা বন্দুক।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ডাকাতদলের সক্রিয় সদস্য। ডাকাতি সহ নানা অপরাধে জড়িত অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, লে. কমান্ডার মো. আরাফাত হোসেন।