চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকার মাতামুহুরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকার জামাল উদ্দিনের কন্যা মাইমুনা আক্তার (১৪) এবং একই এলাকার আব্দুর রহিমের কন্যা ইসফা মুনি (১১)। তারা দুইজন মাদরাসার শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে মৌলভীরচর এলাকায় ৪-৫ জন বান্ধবী একসঙ্গে নদীর ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে হঠাৎ করে মাইমুনা আক্তার ও ইসফা মুনি গভীর পানিতে ডুবে যান। বান্ধবীরা তাদের উদ্ধার করতে চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয়দের খবর দিলে দ্রুত উদ্ধার করেন।
মুমূর্ষু অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। এসময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই মো. ফরিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।