উখিয়ায় পালংখালীর আনজুমান পাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান প্রবেশের সময় ১ লাখ ৪০হাজার পিস ইয়াবা বড়িসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালীর চৌকি বিশেষ টহল দল আনজুমানপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় আটক করা হয় দুজনকে।
তারা হলেন, উখিয়ার আনজুমান পাড়ার মৃত বশির আহমেদের ছেলে মো. নুর ইসলাম (২৫) এবং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা (এফডিএমএন) ক্যাম্প-১৫-এর বাসিন্দা মৃত মো হাচানের ছেলে মো. হারেস (২০)।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে উখিয়ার পালংখালী চৌকি বিওপির বিশেষ টহল দল আনজুমানপাড়া পানির পয়েন্টের উত্তর পাশে বাবুলের ঘেরের দক্ষিণ পাশের বেড়ির ওপর দিয়ে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাদের চ্যালেঞ্জ করা হলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের হাতে থাকা পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টনে ১ লাখ ৪০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।