কক্সবাজার সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দু’দিনব্যাপী ‘সায়েন্স ফেস্টিভ্যাল’। সোমবার (১১ মে) সকালে কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কলেজের সহযোগী অধ্যাপক ও সায়েন্স ফেস্টিভ্যালের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক। তিনি বলেন, বিজ্ঞান উৎসব একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তোলে এবং নতুন নতুন উদ্ভাবনের পথ দেখায়।
তিনি আরও বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর যুগে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। তাই প্রতিটি শিক্ষার্থীর বিজ্ঞানচর্চায় মনোযোগী হওয়া প্রয়োজন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, সহকারী অধ্যাপক রেজাউল করিম, সাকিহ উদ্দিন কাদের এবং আফরোজা সুলতানা।
র্যালি শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বক্তৃতা, আইডিয়া কনটেস্ট, বিজ্ঞান পোস্টার উপস্থাপন ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, উৎসবের দ্বিতীয় দিনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, রুবিক্স কিউব প্রতিযোগিতা, স্মৃতিশক্তি যাচাই, বিজ্ঞানবিষয়ক সেমিনার, বিজ্ঞান বিতর্ক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
কলেজ কর্তৃপক্ষ জানায়-কক্সবাজার সরকারি মহিলা কলেজে এবারই প্রথমবারের মতো বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনে স্থান পেয়েছে ৯টি উদ্ভাবনী প্রকল্প।