কক্সবাজার শহরের পাহাড়তলীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনাটি পরিকল্পিত এবং রাশেদা নামে এক নারীর বাড়িতে বৈঠক করেই এই খুন সংঘটিত করা হয়।
রাশেদাকে বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার (০৪ জুন) সকালে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলীিএমন তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার রাশেদা (৩৬), কক্সবাজার পৌরসভা ৭নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার হাকিম আলী মেয়ে।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় কথাকাটাকাটির জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনায় রশিদা নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ছুরিকাঘাতে নিহতের ঘটনা ছিল পূর্ব-পরিকল্পিত। এ ঘটনার আগে রাশেদার বাসায় গোপন মিটিং করে এ হত্যার পরিকল্পনা করা হয়েছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
শেখ মোহাম্মদ আলী আরও বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার শহরের পাহাড়তলীর ইসলামপুর এলাকায় কথাকাটাকাটির জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এর মধ্যে রাতেই হাসপাতালে আনলে মৃত ঘোষণা করে হৃদয় (২৮) কে। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এ সময় আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে বুধবার সকালে মারা যান আসিফ (২৭) নামের অপর একজন। তিনি কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধিন রয়েছে পাহাড়তলী ইসলামপুর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দাআশরাফুল ইসলাম নামের অপর এক যুবক।