বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক প্রতিপক্ষ ও জুলাইযোদ্ধাদের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ, বাস, ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।
শেখ হাসিনার পতনের পরও নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে শক্তি প্রদর্শন ও নাশকতা চালানোর সাহস পায়, তা একটি বড় প্রশ্ন। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। এমনকি অর্থের বিনিময়ে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের সহযোগিতার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। শুধু বিজিবি মোতায়েন কিংবা ডিসি-এসপিকে প্রত্যাহার করে সরকার দায় এড়াতে পারে না। ১৭ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে হাসপাতাল সড়কস্থ দলীয় মিলনায়তনে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি আরো বলেন, জেলা থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ কার্যত নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা। এভাবে জনগণের আকাঙ্ক্ষিত স্থানীয় সরকার নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা উপেক্ষা করে দেশে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা জনগণ মেনে নেবে না। রাষ্ট্রের আইন ও প্রশাসন কোনো দলের অনুগত বাহিনী হতে পারে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।
আমরা গোপালগঞ্জের সব সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত, নাশকতার পরিকল্পনাকারী ও অর্থদাতাসহ জড়িতদের গ্রেপ্তার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
একই সঙ্গে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োগ করা সব প্রশাসকের নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানাচ্ছি। জনগণের ভোটাধিকার, নির্বাচনী সমতা ও স্থানীয় সরকারব্যবস্থার গণতান্ত্রিক চরিত্র রক্ষা করতে হবে।
তিনি বলেন, জনগণ নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে জীবন দেয়নি। সরকারকে সন্ত্রাস বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় সব ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীসহ জেলা কর্মপরিষদ সদস্য, উপজেলা আমীর-সেক্রেটারি ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে ২০২৭-২০২৮ কার্যকালের জেলা মজলিশে শূরা গঠন এবং উপজেলা আমীরের নাম ঘোষণা করে শপথ প্রদান করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।