মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে নিয়ে গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউপি প্রশাসক আক্তার কামাল, উত্তর ধুরুং ইউপি প্রশাসক আব্দুল হালিম, কৈয়ারবিল ইউপি প্রশাসক ইদ্রিস খোন্দকার খোকন, দক্ষিণ ধুরুং ইউপি প্রশাসক কামরুল ইসলাম সিকদার ও লেমশীখালী ইউপি প্রশাসক মুহাম্মদ আজম।
এছাড়া মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউপি প্রশাসক মিসবাহ উদ্দিন সিকদার, হোয়ানক ইউপি প্রশাসক আব্দুল করিম, কুতুবজোম ইউপি প্রশাসক আব্দুর রহিম বিকম ও শাপলাপুর ইউপি প্রশাসক গোলাম কাদেরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে দুপুরে রাজধানী ঢাকায় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের বাসভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই ইউপি প্রশাসকগণ। সাক্ষাৎকালে তাঁরা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সংসদ সদস্য আলমগীর ফরিদ প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন পরিষদ হলো গ্রামীণ জনগোষ্ঠীর সেবার মূল কেন্দ্র। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিয়ে জনকল্যাণে কাজ করতে হবে। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সরকারকে সহায়তা করার জন্য প্রশাসকদের প্রতি আহ্বান জানান।