জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সত্তর ভাগ মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। দেশকে ফ্যাসিবাদী কাঠামো থেকে নতুন শাসনব্যবস্থায় প্রবর্তনে জনগণ এই রায় দিয়েছে। বিএনপি ক্ষমতা গ্রহণের পর এখনো সত্তর ভাগ মানুষের রায় কে মেনে না নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে। জুলাই আন্দোলনে শত-শত ছাত্র-জনতা জীবন দিয়েছে দেশ কে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করতে। হাজার হাজার তরুণ আহত-পঙ্গুত্ব বরণ করেছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। কিন্তু বিএনপি সরকার গঠনের পর সেই ত্যাগ এবং স্মৃতি বেমালুম ভুলে গিয়ে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করে জনমনে সৃষ্ট সন্দেহ দূর করুন নচেৎ জনগণ রাজপথে নেমে আসলে এর দায়-দায়িত্ব সরকার কে বহন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুলাহাজরা ইউনিয়ন শাখা আয়োজিত রবিবার (১৭ মে) বিকাল ৩ টায় স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর আনোয়ারী উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি আহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার ও সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, মোজাম্মেল হক । প্রধান অতিথি আরো বলেন, জামায়াতে ইসলামী দেশের মানুষের আকাঙ্ক্ষা কে ধারণ করে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে আসছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। সরকার এসকল সমস্যা সমাধানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি জামায়াত কর্মীদের সততা, ন্যায় পরায়ণতা ও বুদ্ধিমত্তার সাথে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।