কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি ও অন্যান্য চার্জ অনলাইনে আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি’র নিজস্ব “Sonali Payment Gateway (SPG)” ব্যবহারের জন্য এক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টায় কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রথম পক্ষ হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিস, কক্সবাজারের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম। দ্বিতীয় পক্ষ হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কক্সবাজারের অধ্যক্ষ মোঃ শরীফুল হাসান।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ফি অনলাইনে সহজ ও দ্রুত পরিশোধের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিস, কক্সবাজারের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ তাছনিম। এসময় উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজারের পরিচালক (উপসচিব) মোঃ লুৎফর রহমান, সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মেরিনা আফরোজ, সোনালী ব্যাংক পিএলসি কক্সবাজার শাখার সহকারী জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান মোঃ আহছান উল্ল্যাহ এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ শফিউল কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।