চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ এপ্রিল (বুধবার) কলেজের অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন মুহাম্মদ শওকত আলী নূর। সভায় উপস্থিত থেকে কলেজের একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন গভর্নিং বডির সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজী।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম শিক্ষা বোর্ড মনোনীত বিদ্যোৎসাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আশীষ কিরণ দাশ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আলোকচিত্র শিল্পী অনুজ কুমার বড়ুয়া। এছাড়াও প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষক স্মৃতি কুমার চৌধুরী, হিতৈষী সদস্য মোঃ রাসেল হোসেন, অভিভাবক সদস্য আহামুদুল হক ও মোঃ আবুল কাশেম সভায় অংশগ্রহণ করেন। শিক্ষক প্রতিনিধিদের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক চিনু ছন্দা দে, অধ্যাপক মোহাম্মদ খাজা বাহাউদ্দিন ও অধ্যাপক জাহাঙ্গীর আলম।
সভায় শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং কলেজের সামগ্রিক পরিবেশ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে লায়ন মুহাম্মদ শওকত আলী নূর শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচনাকালে কলেজের নতুন তোরণ বা মেইন গেটের অসমাপ্ত নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে সকল সদস্য একমত পোষণ করেন। এছাড়াও কলেজের ভৌত অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত সদস্যবৃন্দ কলেজের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।