নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জীবিকায়নের উন্নয়ন এবং পরিবারের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রামুতে ১ হাজার ৪ জন নারীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছে পালস বাংলাদেশ সোসাইটি। সংস্থাটির বাস্তবায়নাধীন ‘স্ট্রংগার টুগেদার’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।
১৮ নভেম্বর বেলা সাড়ে ১১টায় রামুতে পালসের কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান।
পালসের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল আলম কোম্পানি, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ ও সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম, কৃষক এবং পালসের প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১ হাজার ৪ জন নারী উপকারভোগীর হাতে সার, কীটনাশক, বিভিন্ন ধরনের বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে তাঁদের মধ্যে বিভিন্ন জাতের সবজির চারাও বিতরণ করা হবে। এসব উপকরণ ব্যবহার করে নারীরা বাড়ির আঙিনায় সবজি চাষ, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন এবং ক্ষুদ্র কৃষিভিত্তিক উদ্যোগ গড়ে তোলার সুযোগ পাবেন। পাশাপাশি এসব উদ্যোগ তাঁদের আয়বর্ধনেও সহায়ক হবে।
বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে কৃষিভিত্তিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রয়োজনীয় কৃষি উপকরণ, কারিগরি জ্ঞান ও উৎপাদন সহায়তা পেলে নারীরা নিজেরাই আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি পরিবারের খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় অবদান রাখতে পারবেন। এ সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষিচর্চার ওপরও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, অ্যাকশন মেডিওরের আর্থিক সহযোগিতায় পালস বাংলাদেশ সোসাইটি ‘স্ট্রংগার টুগেদার’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির মূল লক্ষ্য কক্সবাজারের রামু উপজেলার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের সুরক্ষা, মানসিক স্বাস্থ্যসেবা, মনোসামাজিক সহায়তা এবং জীবিকায়নের উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা। একই সঙ্গে তাঁদের আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে প্রকল্পটি। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, টেকসই জীবিকায়ন এবং পরিবারের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা জোরদারে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে পালস বাংলাদেশ সোসাইটি।