রামুতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলা এবং আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের এসআই আনোয়ার ও এএসআই বোরহান উদ্দিন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি দিদারুল আলমকে গ্রেপ্তারের জন্য রামু থানার এসআই মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়। দিদারুল আলম ওই এলাকার জাবেদ আলমের ছেলে এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে বন মামলা নং-১১৪/১১-এর সাজা পরোয়ানা রয়েছে। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এ পরোয়ানা জারি করা হয়।
এসআই আনোয়ার গণমাধ্যমকে জানিয়েছেন- পুলিশের উপস্থিতি টের পেয়ে দিদারুল আলম পালানোর চেষ্টা করলে এএসআই কোরবান আলী ও এএসআই বোরহান উদ্দিনের সহযোগিতায় তাঁকে আটক করা হয়। এ সময় আসামির পরিবারের সদস্য, সন্তানসহ ৮-১০ জন নারী পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে আসামিকে পুলিশের হেফাজতে নেওয়ার চেষ্টা করলে পেছন দিক থেকে কয়েকজন নারী এসআই মোহাম্মদ আনোয়ারকে মারধর করেন। এতে তিনি মাটিতে পড়ে আহত হন এবং তাঁর চশমা ভেঙে যায়। হামলায় এএসআই বোরহান উদ্দিনও আহত হন।
তিনি আরও জানান, হামলাকারীরা একপর্যায়ে তাদের কাছ থেকে আসামি দিদারুল আলমকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনাটিকে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলা হিসেবে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।