টেকনাফে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবাসহ মো. রায়হান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা মডেলের মোটরসাইকেলও জব্দ করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটার মধ্যে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি-সংলগ্ন যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাসদস্য ও উনচিপ্রাং এপিবিএনের সদস্যরা অংশ নেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চেকপোস্ট অতিক্রম করার সময় একটি ইয়ামাহা মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সেটির গতিরোধ করেন। পরে মোটরসাইকেল ও চালককে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলটির তেলের ট্যাংকির ডান পাশের নিচে কালো টেপ দিয়ে মোড়ানো এবং পুরোনো ছেঁড়া লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় মাদকদ্রব্য পাওয়া যায়।
পরে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে ৪৯টি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে রাখা ৯ হাজার ৬৫৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধার করা ইয়াবার ওজন পলিব্যাগসহ ৯৭০ গ্রাম। এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেফতার মো. রায়হান (২৩) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াবাজার সাতঘরিয়া পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. সেলিমের ছেলে।
পরবর্তী সময়ে উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেলের জব্দতালিকা প্রস্তুত করে গ্রেফতার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।